রাজনীতি

পুলিশের নিষ্ক্রিয়তায় বাধ্য হয়ে অভিযানে, অস্ত্র প্রদর্শনী নিয়ে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন | দৈনিক পূর্বাচল

দৈনিক পূর্বাচল ডেস্ক:

পুলিশের নিষ্ক্রিয়তায় বাধ্য হয়ে অভিযানে, অস্ত্র প্রদর্শনী নিয়ে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন | দৈনিক পূর্বাচল

রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া আলোচনার জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নিজের নিরাপত্তায় থাকা বৈধ অস্ত্র দিয়ে তিনি কাউকে ভয় দেখাননি কিংবা কোনো গুলি বর্ষণও করেননি; বরং মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাঠ পর্যায়ে নেমেছেন।

শনিবার (১৭ অক্টোবর) নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, তার নির্বাচনী এলাকা গেন্ডারিয়ার দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চলে আসছে। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে বারবার তার কাছে অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকার মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেন। তবে পুলিশ প্রশাসন কোনো কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে বাধ্য হয়েই তিনি নিজে সেখানে গিয়েছেন।

পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “মাদক নির্মূলে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য অন্তত ৩০ থেকে ৪০ বার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। কিন্তু প্রতিবারই তারা জনবল ও যানবাহনের সংকটের মতো নানা অজুহাত দেখিয়েছেন।” তিনি আরও উল্লেখ করেন, ইতিপূর্বে এই এলাকায় অভিযান চালাতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্যও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছিল।

জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ইশরাক হোসেন বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের ধাক্কা সামলে পুলিশ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। তাছাড়া চিহ্নিত মাদক কারবারিরা দূর থেকে গুলি চালায়। এসব বিষয় বিবেচনা করে এবং আত্মরক্ষার্থেই আমার হাতে নিজস্ব বৈধ অস্ত্র ছিল।”

সামাজিক মাধ্যমে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে তিনি আরও যুক্ত করেন, “আমি তো কাউকে লক্ষ্য করে গুলি করি নাই, আর অস্ত্র দেখিয়ে কাউকে ভয়ও দেখাই নাই। আমরা কেবল মাদকমুক্ত সমাজ গঠনে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি।”

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment