আন্তর্জাতিক • রাজনীতি

ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি সম্পন্ন হওয়ার আশা পানিসম্পদমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

চলতি বছরের ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানিয়েছেন, এই চুক্তিতে মূল অগ্রাধিকার থাকবে ১৯৭৭ সালের চুক্তির আদলে ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা। এছাড়া আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে পরিকল্পনা

পদ্মা ব্যারাজ এবং তিস্তা মহাপরিকল্পনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট হিসেবে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষ সরাসরি সুফল পাবে।

পদ্মা ব্যারাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকল্পটির কাজ দৃশ্যমান করার জন্য ইতোমধ্যে একনেকে পাস হয়েছে। আমরা আশা করছি, আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে এর দৃশ্যমান কাজ শুরু হবে।’

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী জানান, এটি একটি বড় ও চ্যালেঞ্জিং প্রকল্প। বুয়েটের বিশেষজ্ঞ এবং দেশি-বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এর সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) কাজ দ্রুত হাতে নেওয়া হবে। স্টাডির ভিত্তিতে কাজ শুরু করে ২০২৭ সালের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে মূল কাজ শুরুর ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ফেরানোর তাগিদ

বর্তমান ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে উল্লেখ করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্ধারিত সময়ের আগেই নতুন চুক্তি সম্পন্ন করতে বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে হওয়া চুক্তির মতো এবারও ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনাকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি।

বহিঃবিশ্বের কোনো চাপ বা প্রতিবন্ধকতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘পদ্মা ও তিস্তা পাড়ের মানুষই আমাদের দেশের মানুষ। তাদের স্বার্থ রক্ষা এবং কল্যাণের চাপই আমাদের কাছে সবচেয়ে বড় চাপ।’

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment