অন্যান্য

১৪ গ্রেডের ইউপি সচিব মীর বারেকের দুর্নীতির সাম্রাজ্য: মোহাম্মদপুর থেকে সাভারজুড়ে অঢেল সম্পদ

সোহেল হাওলাদার, নির্বাহী সম্পাদক, দৈনিক পূর্বাচল

পদমর্যাদায় ১৪ গ্রেডের একজন সাধারণ সরকারি কর্মকর্তা হয়েও ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে নিজ ও পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক। সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাব খাটিয়ে তিনি এই সম্পদের মালিক হন এবং পটপরিবর্তনের পরেও দিব্যি বহাল তবিয়তে নিজের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তেঁতুলঝোড়া ইউনিয়নে দুর্নীতির রাজত্ব

অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকাকালীন সময়ে বেপরোয়া হয়ে ওঠেন মীর বারেক। সেসময়ের সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিতর্কিত নেতা ফখরুল আলম সমরের ঘনিষ্ঠ ক্যাডার ও তার ‘ভাই’ হিসেবে পরিচিতি পেয়ে ইউনিয়নের বিভিন্ন খাতের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। সমরের ক্ষমতার জোরে স্থানীয় টেন্ডারবাজি, হোল্ডিং ট্যাক্স আত্মসাৎ এবং নানা অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েন এই ইউপি সচিব। রাজনৈতিক পটপরিবর্তন হলেও অদৃশ্য শক্তির আশ্রয়ে তিনি এখনো বহাল তবিয়তে পাথালিয়া ইউনিয়নের সচিবের দায়িত্ব পালন করে চলেছেন।

যেখানে যতো সম্পদ

দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে রাজধানী ঢাকাসহ সাভারের বিভিন্ন অভিজাত এলাকায় নামে-বেনামে একাধিক স্থাবর সম্পত্তি ও প্লট কিনেছেন মীর বারেক। অনুসন্ধানে তার উল্লেখযোগ্য সম্পদের যে বিবরণ পাওয়া গেছে তা হলো:

  • রাজধানীর মোহাম্মদপুর: অভিজাত এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি দামি ফ্ল্যাট।

  • আমিনবাজার: বহুমুখী ও বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন এলাকায় একাধিক মূল্যবান প্লট।

  • হেমায়েতপুর: বিলাসবহুল আবাসিক বাড়ি।

  • সাভার ও সিংগাইর: সাভারের বিভিন্ন অভিজাত এলাকায় একাধিক প্লট এবং মানিকগঞ্জ জেলার সিংগাইরে বিপুল পরিমাণ জমি।

দায়মুক্তি মিলবে কি?

একজন সাধারণ ইউনিয়ন পরিষদ সচিবের আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন এমন বিলাসবহুল জীবনযাপন ও সম্পদের পাহাড় গড়ার ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment