দৈনিক পূর্বাচল বিশেষ প্রতিনিধি:
ভারতের ভিসা প্রত্যাশীদের বিভিন্ন দালাল ও অননুমোদিত মধ্যস্বত্বভোগী চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার কঠোর আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সম্প্রতি ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে জারি করা এক সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।
দৈনিক পূর্বাচল-এর অনুসন্ধানে জানা যায়, হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—একটি কুচক্রী মহল বিভিন্ন আকর্ষণীয় প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এই চক্রগুলো ‘নিশ্চিত ভিসা প্রাপ্তি’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ পাইয়ে দেওয়ার মতো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রতিশ্রুতি দিয়ে থাকে। এসব ভুয়া প্রতিশ্রুতির ফাঁদে পা দিলে ভিসাপ্রত্যাশীদের আর্থিক ক্ষতি, আবেদনপত্র বাতিল এবং মূল্যবান সময়ের অপচয় হতে পারে।
সতর্কবার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো অবস্থাতেই কোনো অননুমোদিত এজেন্ট, ট্রাভেল এজেন্সি বা মধ্যস্থতাকারী ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত গোপনীয় তথ্য হস্তান্তর করা যাবে না। বিশেষ করে ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারী সাধারণ মানুষকে সব ধরনের দালাল থেকে দূরে থেকে সরাসরি নির্ধারিত সরকারি ও অনুমোদিত ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সতর্কবার্তা সাধারণ মানুষকে ভুয়া ভিসা প্রসেসিং চক্রের খপ্পর থেকে রক্ষা করতে এবং ভিসা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ রাখতে জোরালো ভূমিকা পালন করবে।


