আন্তর্জাতিক

নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

৩১ আগস্ট ২০২৬

সৌদি আরবের তায়েফ শহরে মো. কামরুল জামান (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন হামলাকারী সৌদি তরুণ।

রবিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় ঘটে এ ঘটনা। নিহত কামরুল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি দুই সন্তানের বাবা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু নাসের চৌধুরী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সুপার মার্কেটের দায়িত্ব শেষে বাসায় ফিরছিলেন কামরুল। পথে দাঁড়িয়ে মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ এক সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি চালান। প্রাণ বাঁচাতে দৌড়ে কর্মস্থল সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন কামরুল। এ সময় আতঙ্কে পালিয়ে যান সেখানে কর্মরত আরও দুই কর্মী।

 

 

পরে ওই হামলাকারী মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিন রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

ইউপি সদস্য আবু নাসের চৌধুরী জানান, কামরুলের বাবা পেশায় কৃষক। জীবিকার তাগিদে প্রায় আড়াই বছর আগে সৌদি আরবে যান কামরুল। রবিবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।

কামরুলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে ওই সৌদি তরুণ কামরুলকে গুলি করে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment