বিনোদন

সমালোচনার মধ্যেই যশকে নিয়ে যা বললেন তারা

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া তার ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ চলচ্চিত্রের সহশিল্পী যশকে ‘সেনসিটিভ’ ও ‘সুবিবেচক’ মানুষ হিসেবে প্রশংসা করেছেন। তবে ‘টক্সিক’ মুক্তির পর থেকেই দর্শকের নেতিবাচক প্রতিক্রিয়ায় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না।

এর মধ্যেই সহশিল্পীকে নিয়ে তারার এমন মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

সম্প্রতি ‘দ্য মেল ফেমিনিস্ট’ পডকাস্টে অংশ নিয়ে যশকে ‘মেল ফেমিনিস্ট’ বলা যায় কি না, এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন সুতারিয়া।

জবাবে তিনি জানিয়েছেন, যশ তার দেখা সবচেয়ে সংবেদনশীল মানুষদের একজন। নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবেন তিনি। এমন মানসিকতা চলচ্চিত্র অঙ্গনে খুব বেশি দেখা যায় না বলেও মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

যশের প্রশংসা করে তারা আরও জানান, তিনি অত্যন্ত বিবেচনাশীল এবং তার সঙ্গে কাজের অভিজ্ঞতা অন্যদের তুলনায় আলাদা।

সাক্ষাৎকারে বলিউডের অভিনেত্রীদের একে অপরের সঙ্গে তুলনা করার প্রবণতা নিয়েও কথা বলেছেন তারা।

 

তার ভাষ্য, প্রতিটি অভিনেত্রীই ভিন্ন ধরনের চরিত্র ও কাজের মাধ্যমে নিজেদের জায়গা তৈরি করছেন। তাই তাদের মধ্যে তুলনা করা ঠিক নয়। 

তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এক অভিনেত্রীর সঙ্গে অন্য অভিনেত্রীর তুলনা করা হয়। কে কার চেয়ে ভালো, এমন আলোচনা চলে নিয়মিত। কিন্তু পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে একই ধরনের তুলনা তিনি খুব একটা দেখেননি।

‘টক্সিক: এ ফেইরিটেল ফর গ্রোন-আপস’ চলচ্চিত্রে যশের বিপরীতে অভিনয় করেছেন তারা সুতারিয়া। সিনেমাটিতে তিনি রেবেকা চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির পরিচালক গীতু মোহানদাস। যশ ও গীতু মোহানদাস যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন।

ছবিতে যশ ও তারা ছাড়াও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment