চুয়াডাঙ্গাপ্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মো. তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের মো. নবিছদ্দিন মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে মল্লিকপুর মাঠে জমিসংক্রান্ত বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তাঁর চাচাতো ভাইয়ের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ উঠেছে, কথাকাটাকাটির মধ্যে ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই লাঠি দিয়ে তবিবার হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হয়ে মাঠেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোটচাঁদপুর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি শুরু করেছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
এদিকে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


