অন্যান্য

মানুষকে ছাড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

আইটি ডেস্ক, দৈনিক পূর্বাচল:

আগামী পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের সামগ্রিক বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তাঁর মতে, ভবিষ্যতে এমন কোনো কাজ থাকবে না, যা মানুষের চেয়ে এআই আরও নিখুঁতভাবে করতে পারবে না।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট-এর সম্পাদক জ্যানি মিন্টন বেডোসের সঙ্গে এক সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে এসব কথা বলেন মাস্ক।

প্রযুক্তির অগ্রগতি ও প্রাচুর্যময় ভবিষ্যৎ

সাক্ষাৎকারে মাস্ক উল্লেখ করেন, বিশ্বজুড়ে কোনো পারমাণবিক যুদ্ধ বা বড় ধরনের মহাজাগতিক বিপর্যয় না ঘটলে এআইয়ের অগ্রগতির হাত ধরে ভবিষ্যতে এক প্রাচুর্যময় যুগের সূচনা হবে। এমন এক সমাজব্যবস্থা তৈরি হবে, যেখানে মানুষের চাহিদামাত্রই যেকোনো বস্তু বা সেবা পাওয়া সম্ভব হতে পারে।

নিরাপত্তা ও নৈতিকতা

কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও ঝুঁকির বিষয়টি তুলে ধরে তিনি জোর দিয়ে বলেন, এআই প্রযুক্তিকে অবশ্যই সত্যসন্ধানী ও অনুসন্ধিৎসু মনোভাবের ওপর ভিত্তি করে তৈরি করতে হবে। প্রযুক্তি যদি সত্যের সন্ধানে পরিচালিত হয়, তবেই তা মানবজাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারবে।

নিয়ন্ত্রণ কি মানুষের হাতে থাকবে?

এআই একসময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কি না—এমন প্রশ্নের জবাবে মাস্ক রসিকতার ছলে বলেন, মানুষ মূলত শিম্পাঞ্জিরই একটি বিবর্তিত রূপ। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের বুদ্ধিমত্তার ব্যবধান যদি মানুষ ও শিম্পাঞ্জির চেয়েও বেশি হয়ে যায়, তবে এর চূড়ান্ত নিয়ন্ত্রণ মানুষের হাতে নাও থাকতে পারে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment