আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৫ আগস্ট) নিউইয়র্কের গার্ডেন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছি।”
ট্রাম্পের এমন বিতর্কিত বক্তব্যের পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানেরই আছে এবং চিরকাল ইরানেরই থাকবে।”
আন্তর্জাতিক সংবেদনশীল এই জলপথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় তীব্র প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সংবাদসংস্থা আল জাজিরার তথ্যমতে, এ ঘটনার পর হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে গিয়ে পৌঁছেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৪ ডলার স্পর্শ করেছে।
তবে বিশ্ববাজারে এই অস্থিরতা ও মার্কিন নাগরিকদের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি সত্ত্বেও নিজের অবস্থানের পক্ষে সাফাই গেয়েছেন ট্রাম্প। তিনি মার্কিন জনগণকে দেশের বৃহৎ স্বার্থে জ্বালানি খরচের ক্ষেত্রে ‘সামান্য একটু বেশি মূল্য’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে এই টানাপোড়েন বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকে তীব্র ঝুঁকির মুখে ফেলতে পারে।



