বিনোদন

যুক্তরাষ্ট্রে ভিন্ন রূপে জায়েদ খান: একাধিক আমেরিকান মডেলের সঙ্গে ‘শিকারী’র টিজারে ঝড়

বিনোদন বিভাগ, দৈনিক পূর্বাচল: যুক্তরাষ্ট্রপ্রবাসী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান আবারও চমক নিয়ে হাজির হয়েছেন। একটি জমকালো মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকের সামনে ভিন্ন আমেজে তুলে ধরছেন নিজেকে। ‘শিকারী’ শিরোনামের নতুন একটি গানের ভিডিওচিত্রে তাকে গ্লামারাস রূপে পারফর্ম করতে দেখা যাবে। সম্প্রতি প্রকাশ পাওয়া মিউজিক ভিডিওটির টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েক সেকেন্ডের টিজারটিতে দেখা যায়, একাধিক মার্কিন নারী মডেলের সঙ্গে নজরকাড়া লুকে নাচ ও গানে মেতেছেন এই চিত্রনায়ক। বাংলাদেশি তরুণ নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় তৈরি হওয়া এই ভিডিওচিত্রে জায়েদ খানের সঙ্গে সহ-শিল্পী হিসেবে পারফর্ম করেছেন বিদেশি মডেল ইয়াসমিন, নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।

মিউজিক ভিডিওটির নির্মাণকাজে বিশেষ নজর দেওয়া হয়েছে এর আন্তর্জাতিক মানে। জানা গেছে, এটি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রজেক্ট, যার শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম ও চোখধাঁধানো লোকেশনে। এতে কারিগরি সহায়তায় যুক্ত ছিলেন মার্কিন টেকনিশিয়ানরা; যার মধ্যে স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেছেন বিশ্বখ্যাত এনরিক ক্যামাচো।

নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান জানান, “টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। দেশের অনেক গুণগ্রাহী ও সহকর্মী ফোন করে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। টিজারটি নিয়ে এত পজিটিভ রেসপন্স পাব ভাবিনি। মূল ভিডিওচিত্রটি প্রকাশ পেলে দর্শকরা আরও বেশি মুগ্ধ হবেন বলে আমার বিশ্বাস।”

উল্লেখ্য, একটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্কে গিয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন জায়েদ খান। সেখানে অবস্থানকালে বিভিন্ন অঙ্গরাজ্যে স্টেজ শো করার পাশাপাশি একটি সেলিব্রিটি টক-শোর সঞ্চালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। এ ছাড়া বিগত দুই ঈদে মার্কিন মুলুকে নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও দর্শকের প্রশংসা পান তিনি। তবে এবার বড় বাজেটের এই গানচিত্রের মাধ্যমে এক নতুন অবয়বে ধরা দিলেন ঢাকাই ছবির এই অভিনেতা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment