হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন

ঢাকা, শুক্রবার (১০ এপ্রিল ২০২৬):
হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকার জন্য হজযাত্রীদের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে জানানো হয়েছে, কোনো হজ এজেন্সি বা অন্য কারো প্ররোচনায় পড়ে নিষিদ্ধ পণ্য বহন করা থেকে বিরত থাকতে হবে।

সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী, হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুটকি, রান্না করা খাবার এবং অন্যান্য পঁচনশীল দ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, অতীত বছরগুলোতে বিভিন্ন সময়ে সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। বারবার সতর্কতা জারি করা হলেও এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তিনি সকল হজযাত্রীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

এ বিষয়ে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, কোনো হজযাত্রীর লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সৌদি আইনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালন ঝুঁকির মুখে পড়তে পারে, এমনকি হজ পালনের সুযোগ থেকেও বঞ্চিত হতে পারেন। তাই কোনো অবস্থাতেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   7   =