সড়ক নিরাপত্তায় বড় সিদ্ধান্ত: গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬:
দেশব্যাপী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং সরকারের কার্যক্রম আরও জোরদার করতে রাজধানীর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

সভাপতির বক্তব্যে মন্ত্রী জানান, সড়ক নিরাপত্তা জোরদারে গণপরিবহনে জিপিএস কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ইউটার্নগুলোকে নিরাপদ করার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হাইওয়ের সঙ্গে সংযুক্ত স্থানীয় সড়কগুলোতেও নিরাপদ ইউটার্ন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে অতীতের ভুলের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। ফেরিতে যানবাহন ওঠানোর সময় যাত্রীদের নামিয়ে নিরাপদভাবে পরিবহন এবং প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার নির্দেশনাও দেন মন্ত্রী। পাশাপাশি ফিটনেসবিহীন কোনো যানবাহনের রেজিস্ট্রেশন না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বিআরটিএকে আরও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সড়ক ও সেতুমন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে আসন্ন ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক করা হবে। এ লক্ষ্যে হাইওয়ে পুলিশকে আরও তৎপর করা, পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে জোরদার ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ন্ত্রিত অস্থায়ী বাস কাউন্টার বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাস কাউন্টার ও যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন বাধ্যতামূলক করা হবে। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিগগিরই এসি বাসের ভাড়া নির্ধারণে সরকার উদ্যোগ নিচ্ছে।

মন্ত্রী জানান, সাম্প্রতিক কিছু সড়ক দুর্ঘটনার ঘটনায় তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত, রুট পারমিট বাতিলসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে আগামী দিনে ঈদযাত্রা আরও নিরাপদ, নির্বিঘ্ন ও যাত্রীবান্ধব হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।


About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   2   =