যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় ‘সারপ্রাইজ’ অপেক্ষা করছে: আরাগচি

নতুন করে কোনো হামলা চালানো হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও বড় ‘সারপ্রাইজ’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, দুই দেশের মধ্যে পুনরায় সংঘাত শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান এখন পুরোপুরি প্রস্তুত।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আরাগচি মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত এফ-৩৫ যুদ্ধবিমান প্রথম ভূপাতিত করার গৌরব অর্জন করেছে, তা এখন প্রমাণিত।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে এবং পুনরায় যুদ্ধ শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তারা প্রস্তুত। এবার মার্কিনদের জন্য আরও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।

নিজের বক্তব্যের পক্ষে তিনি মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা ‘কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস’–এর একটি সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করেন। তার দাবি, ওই প্রতিবেদনে যুদ্ধের সময় ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান বিরোধী সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে ড্রোনসহ অন্তত ৪২টি যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতি ও সমঝোতার জন্য ‘দুই থেকে তিন দিন’ সময় বেঁধে দিয়েছেন। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, উত্তেজনার মধ্যেও আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   3   =