যাত্রাশিল্পী মিলন কান্তি দে আর নেই

যাত্রাশিল্পী মিলন কান্তি দে মারা গেছেন। শনিবার চট্টগ্রামের পটিয়ায় গ্রামের বাড়িতে এই শিল্পীর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি কয়েক বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। কয়েক দিন আগে ঢাকা থেকে ফিরেছেন। আবার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গত কয়েক দিন তাঁর শরীরের অবস্থা খারাপ হতে থাকে। একদম কথা বন্ধ হয়ে যায়। সকালে অবস্থার আরও অবনতি হয়। বিকেলে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

মিলন কান্তি দে ১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন। অভিনয়জীবনে তিনি ১২০টির বেশি যাত্রা প্রযোজনা পরিচালনা করেছেন এবং ১৫১টির বেশি প্রযোজনায় অভিনয় করেছেন। ১৯৬৬ সালে অভিনয়ে তাঁর আত্মপ্রকাশ। ১৯৯৩ সালে তিনি ‘দেশ অপেরা’ প্রতিষ্ঠা করেন, যা যাত্রাশিল্পে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করে। এ ছাড়া তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাত্রা প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।

নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। আজীবন অভিনয় ও যাত্রাশিল্পে নিবেদনের জন্য ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে যাত্রাশিল্পী সম্মাননা (যাত্রাশিল্পী পুরস্কার) পান এই গুণী শিল্পী।

২০২৪ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমি যে এক যাত্রাওয়ালা’, যেখানে যাত্রাশিল্পে তাঁর দীর্ঘ পথচলার গল্প উঠে আসে। একই বছরে তাঁর নির্বাচিত রচনাসমূহ সংকলিত হয়ে ‘নির্বাচিত যাত্রাপালা’ নামে প্রকাশিত হয়, যা একুশে বইমেলায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   5   =