যশোরে পল্লিচিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরের শার্শা উপজেলায় আল আমিন হোসেন (৩০) নামে এক পল্লিচিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের বিদ্যালয়ের পাশে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আল আমিন যশোরের শার্শা উপজেলার নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। পল্লিচিকিৎসক হিসেবে তিনি এলাকায় পরিচিত। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে উপজেলার গাতিপাড়া গ্রাম থেকে তারাবিহ নামাজ শেষে মোটরসাইকেলে চড়ে বাড়িতে ফিরছিলেন আল আমিন। গাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শাহ আলম বলেন, নিহত আল আমিনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা শার্শা থানার উপপরিদর্শক এস এম মোশারফ হোসেন বলেন, প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, আল আমিনের দুই স্ত্রী; দুটি সংসার। দ্বিতীয় স্ত্রীকে বিয়ের পর সাংসারিক অশান্তি চলছিল। সেই সূত্র থেকে হত্যাকাণ্ড ঘটেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   8   =