তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই

ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ দিলেন সামিয়া অথই।
গতকাল সন্ধ্যায় লিখিত অভিযোগটি করেন অথই। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তিনি।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, এই সপ্তাহে কার্যনির্বাহী পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা করবেন তাঁরা। দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফেসবুক লাইভে এসে অভিনেত্রী সামিয়া অথই অভিযোগ করেন, মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং চলাকালে তাঁকে চড় মেরেছেন তানজিন তিশা। লাইভে সামিয়া অথই বলেন, ‘তিনি (তিশা) সিনের মধ্যেই আমাকে মেরেছেন, মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। আমার চোখ ফুলে গেছে।’

তবে তানজিন তিশার দাবি, চরিত্রের প্রয়োজনেই চড়টি মেরেছেন তিনি। এর পর থেকেই এই চড়–কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় চলছে।

সামিয়া অথই দাবি করেন, চিত্রনাট্য অনুযায়ী দৃশ্যটিতে তিশাকে তাঁর একটি চড় মারার কথা ছিল, সে মতোই তিনি চড়টি মেরেছেন। এরপর তিশা তাঁকে একাধিক চড় মেরেছেন। চিত্রনাট্যে তিশার চড় মারার কথা ছিল না।

তবে তানজিন তিশার দাবি, তিনি চরিত্রের বাইরে কিছু করেননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করেছি; এখানে আমি একজন স্পেশাল চাইল্ডের চরিত্রে অভিনয় করেছি। যতটুকু স্ক্রিপ্টে আছে, ততটুকু করেছি। চরিত্রের বাইরে কিছুই করিনি।’

সামিয়া অথইয়ের ফেসবুক লাইভকে কেন্দ্র করে গতকাল একটি বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটি লিখেছে, ‘কোনো সদস্যের সঙ্গে কোনো প্রকার জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে সংশ্লিষ্ট সংগঠনকে তা অবহিত না করে সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের আচরণবিধির পরিপন্থী।’

বিবৃতিতে বলা হয়, যেকোনো বিষয় সাংগঠনিকভাবে সুরাহা হওয়া উচিত। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশে লিখিত অভিযোগ দেন সামিয়া অথই।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   3   =