ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা

ঢাকা-১৭ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ডোর টু ডোর নির্বাচনী প্রচারণা চালানো হয় রোববার।

প্রচারণায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা-১৭ ডোর টু ডোর নির্বাচনী প্রচারণা উপ-কমিটির প্রধান সমন্বয়কারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ডোর টু ডোর নির্বাচনী প্রচারণা উপ-কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—সহসভাপতি গোলাম ফারুক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন, সহসভাপতি ব্যারিস্টার সালাউদ্দিন, জিয়ামঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং মহানগর যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রচারণাকালে নেতারা বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করে আগামীর প্রধানমন্ত্রী নির্বাচিত করা হলে ইনশাআল্লাহ এই এলাকার সব সমস্যার সমাধান হবে। ঢাকা-১৭ আসন একটি অত্যাধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরিত হবে।

নেতারা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এআইভিত্তিক অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু হবে, বহুমাত্রিক গণপরিবহন ব্যবস্থা ও মেট্রোরেলের সঙ্গে সমন্বয় হবে, পুলিশ পেট্রোলিং বৃদ্ধি পাবে, পর্যায়ক্রমে পুরো এলাকাকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে, মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ও মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে।

এছাড়া ভাঙা রাস্তা মেরামত, ফুটপাত উন্নয়ন, বর্জ্য সংগ্রহে আধুনিক রিসাইক্লিং সিস্টেম চালু, যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, সমন্বিত স্বাস্থ্যসেবা চালু, নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন ও জোরদার করা হবে বলে জানান নেতারা।

সবশেষে তারা বলেন, অনলাইনের মাধ্যমে দ্রুত ও অত্যাধুনিক নাগরিক সেবা নিশ্চিত করে সকল প্রকার সেবা সহজলভ্য করা হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   2   =