ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীর মরদেহ উদ্ধার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুক্রবার রফিকুল ইসলাম (২৮) নামের এক বন্দীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, পারিবারিক বিরোধের জেরে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ বলেন, বিকেল পাঁচটার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রফিকুল ইসলাম সেলের বাইরে একটি কাঁঠালগাছের সঙ্গে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগান। এ সময় কাঁঠালগাছ থেকে তাঁকে নামিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

রাতে যোগাযোগ করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ বলেন, রফিকুল ইসলাম ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ফৌজদারি একটি মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন।

রফিকুল কারাগারে থাকায় তাঁর স্ত্রী তাঁর ছোট ভাইকে বিয়ে করেন। এ খবর জানার পর রফিকুল বিষণ্নতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এর জেরে রফিকুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁর বাড়ি পিরোজপুরে। এর আগেও তিনি একাধিকবার কারাগারে এসেছিলেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   4   =