চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, কাল আরও কঠোর কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার বিরুদ্ধে আন্দোলনরত ১৬ কর্মচারীকে খুলনার মোংলা বন্দর ও পটুয়াখালীর পায়রা বন্দরে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করা দুজনও রয়েছেন। আজ সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই বদলি করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. বেলায়েত হোসেনের সই করা আদেশে দাপ্তরিক প্রয়োজনে বদলিপূর্বক সংযুক্তি প্রদান করার কথা জানানো হয়। এর মধ্যে আটজনকে পায়রা বন্দরে এবং সাতজনকে মোংলা বন্দরে বদলি করা হয়েছে।

এর আগে তিনটি পৃথক আদেশে এই কর্মচারীদের ঢাকার কমলাপুর কনটেইনার ডিপো ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালে বদলি করেছিল বন্দর কর্তৃপক্ষ। তবে তাঁরা এসব কর্মস্থলে যোগ দেননি। আজ সোমবার তাঁদের আবারও বদলি করে দুই বন্দরে সংযুক্তি প্রদান করা হলো।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে চলমান আন্দোলন কর্মসূচি আরও কঠোর করেছে শ্রমিক-কর্মচারীরা। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে টানা ২৪ ঘণ্টা ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে তারা। তিন দিন ধরে প্রতিদিন আট ঘণ্টা কর্মসূচি পালন করে আসছিলেন তারা। আন্দোলন দমাতে কর্তৃপক্ষ ১৬ জনকে বদলি করায় এবং চুক্তি প্রক্রিয়া বাতিলের সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়ায় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান ও পরিচালক (প্রশাসন) ওমর ফারুককেও চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা এক প্রেস ব্রিফিংয়ে।

এনসিটি নিয়ে আন্দোলন করা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর শ্রমিকদল নেতা হুমায়ুন কবীর বলেন, ‘আজ টানা তৃতীয় দিন চলছে আমাদের ধর্মঘট। বন্দর কর্তৃপক্ষ চাচ্ছে বল প্রয়োগ করে কিংবা ক্ষমতার অপব্যবহার করে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে। অথচ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা অবিলম্বে এ অন্যায় বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার সকাল আটটা পরবর্তী ২৪ ঘণ্টা বন্দরে ধর্মঘটের ঘোষণা দিচ্ছি। বিডার আশিক চৌধুরী, বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান ও পরিচালক ওমর ফারুকের অপসারণ দাবি করছি। তাদের বিচারের আওতায় আনারও দাবি জানাচ্ছি।’

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ডে’র কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে দুই দিনের কর্মবিরতি শুরু হয়। আজ সোমবার ৪টা অবদি চলেছে কর্মবিরতি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   5   =