দৈনিক পূর্বাচল ডেস্ক। রবিবার ২৯ মার্চ
লি বিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ জনের মৃত্যু হয়েছে। বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছে, দিক হারিয়ে ৬ দিন সাগরে ভেসেছিল বহনকারী নৌকাটি। এসময় খাবার ও পানির অভাবে তারা মারা যান।
গ্রিস উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, শুক্রবার ক্রিট দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ ২৬ জনকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে একজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
পরে জানা যায়, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানি এবং একজন চাদের নাগরিক। মারা যাওয়া ব্যক্তিদের দেহ পাচারকারীদের নির্দেশে সাগরে ফেলে দেওয়া হয়।
উদ্ধার হওয়া যাত্রীরা জানান, যাত্রাপথে মারা যাওয়া লোকজনের মরদেহ ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। গুরুতর অসুস্থ দুইজনকে ক্রিটের হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


