আবারও ইতিহাস গড়তে একজোট শাকিব ও ‘বরবাদ’ টিম, নতুন সিনেমার ঘোষণা

বিনোদন প্রতিবেদক:

ঢালিউডের শীর্ষ নায়ক, মেগাস্টার শাকিব খান আবারও নতুন ইতিহাস সৃষ্টির লক্ষ্যে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বক্স অফিস কাঁপানো এবং তুমুল আলোচিত সিনেমা ‘বরবাদ’-এর সফল টিমের সঙ্গেই বড় পর্দায় ফিরছেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর নতুন এই প্রজেক্টটিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন এই মেগাস্টার।

তবে শাকিব ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই নতুন চমক এলেও, সিনেমাটির নাম এখনো প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। চুক্তিসাক্ষরের পর পরিচালক ও প্রযোজকদের সঙ্গে তোলা একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন শাকিব খান। ক্যাপশনে তিনি লিখেছেন, “‘বরবাদ’ টিম আবার ফিরছে। চলুন, আবার ইতিহাস গড়ি।”

এর আগে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খান। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যবসার দিক থেকে নতুন নজির গড়েছিল। নতুন এই সিনেমাটি পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়ই, তবে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন যে এটি ‘বরবাদ’ সিনেমার কোনো সিক্যুয়েল (দ্বিতীয় খণ্ড) নয়, সম্পূর্ণ নতুন একটি গল্প।

উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমায় ‘আরিয়ান মির্জা’ চরিত্রে শাকিব খানের দুর্দান্ত পারফরম্যান্স এবং তার বিপরীতে ওপার বাংলার ইধিকা পালের রসায়ন দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষ করে ছবিতে শাকিবের বিধ্বংসী অ্যাকশন লুক ও স্টাইল হইচই ফেলে দেয়। পরবর্তীতে অন্য একটি চলচ্চিত্রের অনুষ্ঠানে পরিচালক মেহেদী হাসান হৃদয়কে বর্তমান সময়ের অন্যতম সেরা নির্মাতা হিসেবেও অভিহিত করেছিলেন শাকিব খান।

মেগাস্টারের এমন আকস্মিক ও বড় ঘোষণার পর নড়েচড়ে বসেছেন শাকিব ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। প্রিয় নায়কের নতুন এই ধামাকার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। এদিকে শাকিব খান অভিনীত আরেকটি বিগ বাজেটের সিনেমা ‘সোলজার’ আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   5   =