অনলাইন ডেস্ক, দৈনিক পূর্বাচল
ঢাকা, ১ জুলাই
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় আফগান সেনাবাহিনী আকস্মিক হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় কোনো নিহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েকজন আহত হয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে বেলুচিস্তানের আফগান সীমান্তবর্তী বেশ কয়েকটি পয়েন্ট লক্ষ্য করে অতর্কিত গোলাবর্ষণ ও হামলা চালায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। আকস্মিক এই হামলায় সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার পর সীমান্ত এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আফগান সরকারের পক্ষ থেকে এই হামলার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত এলাকায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ ও অস্থিরতা বিরাজ করছে। মঙ্গলবারের এই হামলার ঘটনা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

