৫০০ পাউরুটির পোশাকে নজর কাড়লেন তারকা

নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস (AMVCA)-এর ১২তম আসরে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে এক অভিনব পোশাক। জনপ্রিয় রিয়েলিটি শো তারকা কুইন মার্সি আতাং পাঁচ শতাধিক পাউরুটি দিয়ে তৈরি একটি পোশাক পরে অনুষ্ঠানে হাজির হয়ে সবার নজর কাড়েন। কেউ একে সৃজনশীলতার অনন্য উদাহরণ বলছেন, আবার কেউ খাদ্যের অপচয় হিসেবে সমালোচনা করছেন।

আফ্রিকার চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টের অন্যতম বৃহৎ এই আয়োজন অনুষ্ঠিত হয় লাগোসের একো হোটেল অ্যান্ড স্যুইটসে। এই অনুষ্ঠান শুধু পুরস্কার দেয়া নয়, বরং মহাদেশের অন্যতম বড় ফ্যাশন ও সংস্কৃতি প্রদর্শনী হিসেবেও পরিচিত। প্রতি বছরের মতো এবারও লালগালিচায় তারকারা হাজির হন বিশাল ট্রেনযুক্ত গাউন, ঝলমলে পোশাক ও নাটকীয় ডিজাইনে।

তবে সেসবের মাঝেই সবচেয়ে আলাদা হয়ে ওঠেন আতাং। তিনি জানান, তার পোশাকটি ৫০০টির বেশি পাউরুটি দিয়ে তৈরি। শুধু পোশাকই নয়, তার সঙ্গে দুইজন সহকারী ট্রেতে করে পাউরুটি বহন করছিলেন এবং আরও কয়েকজন সহযোগী পোশাকটি ধরে রাখতে সহায়তা করছিলেন। এত ভারী ও বড় আকৃতির পোশাকের কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতেও বেশ বেগ পেতে থাকেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আতাং বলেন, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; বরং তার রুটি বানানোর ব্যবসার প্রচারের উদ্দেশ্যেই এ পোশাক বেছে নেওয়া হয়েছে। ‘আমার ব্যবসার প্রচারের জন্য এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর কী হতে পারে?’—বলেন তিনি।

পোশাকটি ডিজাইন করেন নাইজেরিয়ার পরিচিত ফ্যাশন ডিজাইনার টইন লাওয়ান। তিনি সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, এটি আসলে একটি নতুন ট্রেন্ডের সূচনা—‘নিজের ব্যবসাকে নিজের পোশাকে তুলে ধরা।’

এই ব্যতিক্রমী উপস্থিতি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই এটিকে সাহসী ও সৃজনশীল প্রচারণা হিসেবে প্রশংসা করেন এবং বলেন, এটি ‘নিজের ব্যবসাকে পরিচিত করানোর এক অভিনব উপায়।’ তবে সমালোচনাও কম হয়নি। অনেকে প্রশ্ন তোলেন, এত পাউরুটি ব্যবহার করা খাদ্যের অপচয় কিনা। যদিও আতাং এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 7   +   3   =