সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় শ্বাসনালী কেটে গুরুতর জখম হওয়া আট বছরের মেয়ে শিশু হত্যার ঘটনায় প্রতিবেশী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার কুমিরা এলাকা থেকে বাবু শেখকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
পরে সন্ধ্যায় সীতাকুণ্ড থানায় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন সন্দেহভাজন গ্রেপ্তারের এ তথ্য দেন।
বাবু শেখের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মধ্যম পুলুপাড়ায়। তিনি সীতাকুণ্ড এলাকায় নিহত জান্নাতুল নেসা ইরা মনির পরিবারের পাশের ঘরে বসবাস করতেন বলে পুলিশের ভাষ্য।
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় রোববার শ্বাসনালী কাটা অবস্থায় মনিকে উদ্ধার করেন স্থানীয় শ্রমিকরা। শিশুটি মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মারা যাওয়া মনির বাড়ি সীতাকুণ্ডের ছোট কুমিরা মাস্টার পাড়ায়। তার বাবা মনিরুল ইসলাম পেশায় একজন টমটম চালক। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল ইরা।
সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেনের পাহাড়ে রোববার দুপুরে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা ‘গলা কাটা অবস্থায়’ ইরা মনিকে দেখতে পান। জঙ্গল থেকে হেঁটে এসে শিশুটি শ্রমিকদের কাছে পৌঁছেছিল।
এরপর শ্রমিকরা শিশুটিকে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দুদিন ধরে চিকিৎসাধীন ছিল শিশুটি।


