দৈনিক পূর্বাচল প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, সময়: সকাল ০৯:৪৪ মিনিট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর আদাবরের কুখ্যাত শীর্ষ ছিনতাইকারী ‘কুত্তা ফারুক’সহ তার চক্রের ৭ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিনের এই আতঙ্ক দূর হওয়ায় স্বস্তিতে আদাবরবাসী। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
রাজধানীর আদাবর ও আশপাশের এলাকায় দীর্ঘদিনের আতঙ্ক, কুখ্যাত শীর্ষ ছিনতাইকারী ‘কুত্তা ফারুক’ ও তার চক্রের ৭ সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রটির গ্রেপ্তারের মধ্য দিয়ে আদাবর এলাকা কার্যত অপরাধমুক্ত ও নিরাপদ হয়েছে বলে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা রসিকতা করে বলছেন, “আদাবর এখন ‘জলাতঙ্ক’ মুক্ত হলো।”
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশের একটি বিশেষ দল রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চক্রের মূলহোতা ফারুক ওরফে ‘কুত্তা ফারুক’ এবং তার আরও ৬ সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বেশ কিছু ধারালো ছুরি, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই ‘কুত্তা ফারুক’ চক্রের কারণে আদাবর, শেখেরটেক ও বেড়িবাঁধ এলাকায় সাধারণ মানুষের চলাচল দায় হয়ে পড়েছিল। বিশেষ করে ভোরবেলা এবং রাতের আঁধারে পথচারী, চাকরিজীবী ও শিক্ষার্থীদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া ছিল এদের নিত্যদিনের কাজ। বাধা দিলে নিরীহ মানুষকে ছুরিকাঘাত করতেও দ্বিধা করত না এই চক্রের সদস্যরা।
আদাবর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফারুকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এই চক্রের বাকি সদস্যদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

