প্রয়াত বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের পরিবারে আবারও নেমে এসেছে গভীর শোক। অভিনেতার বড় মেয়ে কস্তুরি আর নেই। গত শুক্রবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢালিউড অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।” এই আকস্মিক মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের বহু তারকা ও সহকর্মীরা। সামাজিক মাধ্যমে তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে অভিনেতার ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের মৃত্যু হয়। বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। প্রায় আড়াই বছরের ব্যবধানে পরিবারের ওপর নেমে এলো আরেকটি শোকের ছায়া। বরেণ্য এই অভিনেতার পরিবারে একের পর এক এমন বেদনাদায়ক ঘটনায় শোকাহত ভক্ত ও শুভানুধ্যায়ীরাও।


