শরীয়তপুরে নিখোঁজের এক দিন পর বিএনপি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রোববার সন্ধ্যা থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। সম্প্রতি প্রবাসফেরত ওই ব্যক্তি বিএনপি কর্মী ছিলেন।

নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন ঢালী (৫০)। তিনি খাটরা এলাকার মৃত মোসলেম ঢালীর ছেলে। তিনি মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। তিন মাসে আগে দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন। স্থানীয় একটি পক্ষের সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ ছিল। জয়নাল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গোসাইরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ বলেন, ‘জয়নাল আবেদীন আমাদের দলের কর্মী। তিনি মালয়েশিয়া থেকে ফিরে নির্বাচনে প্রচার–প্রচারণার কাজে অংশ নেন। আজ বিকেলে তাঁর লাশ উদ্ধারের খবর পেয়েছি। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এলাকার একটি পক্ষের সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ চলছিল। ওই ঘটনা নিয়ে গতকাল কথা বলার জন্য তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।’

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জয়নাল রোববার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানান। পরে সোমবার বিকেলে জয়নালের বাড়ির আধা কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে থাকা আমগাছে তাঁর লাশ ঝুলতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে গলায় মাফলার প্যাঁচানো লাশটি উদ্ধার করে পুলিশ।

গোসাইরহাট থানার উপপরিদর্শক সজিবুল ইসলাম বলেন, নির্জন স্থানের একটি গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না অন্য কিছু—তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তাঁর পরিবারের সদস্যরা কিছু তথ্য দিয়েছেন, এসব যাচাই–বাছাই করা হচ্ছে। ঘটনাটির ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   2   =