রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রূপগঞ্জের ভুলতা গাউছিয়ায় ময়লার স্তূপ অপসারণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে তিনি এ কথা বলেন।
পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করা হলে তা শুধু প্রকৃতির ক্ষতিই করে না, মানুষের স্বাস্থ্য ও জনজীবনের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।
আজ রোববার (১৪ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া সড়কের পাশে গড়ে ওঠা ময়লা-আবর্জনার স্তূপ আংশিক অপসারণ ও বালু ভরাট করে সেখানে ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু ময়লার স্তূপ অপসারণ করলেই হবে না, ভবিষ্যতে যাতে এসব স্থানে পুনরায় বর্জ্য ফেলা না হয় সেদিকেও কড়া নজর রাখতে হবে। পরিবেশ রক্ষার এই আন্দোলনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী ১৫ দিনের মধ্যে ভুলতা গাউছিয়ার এই ময়লা-আবর্জনার স্তূপ সম্পূর্ণ অপসারণ শেষ করে সেখানে গাছের চারা রোপণ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, সড়কের পাশে ময়লার স্তূপ শুধু সৌন্দর্যহানি নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও চরম ক্ষতিকর ছিল। আজকের এই উদ্যোগ এলাকার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যার দায়িত্বও সকলকে নিতে হবে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহবুবুর রহমান, আব্বাস উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: কামাল হোসেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. মো: হেলাল উদ্দিন, দাউদপুর ইউনিয়ন যুবদল সভাপতি মো: আসাদুজ্জামান আসাদ ফকির এবং সাধারণ সম্পাদক মো: রুবেল পাশাসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের কর্মচারী, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ এলাকাবাসী।
রূপগঞ্জ ময়লা অপসারণ, , প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি মুস্তাফিজুর রহমান দিপু, রূপগঞ্জের খবর, দৈনিক পূর্বাচল

