রূপগঞ্জে ব্যবসায়ী শ্যামল ভূঁইয়াকে অপহরণের অভিযোগ, উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

১৭ জুন, ২০২৬ (বুধবার)

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী শ্যামল ভূঁইয়া। জমি সংক্রান্ত বিরোধের জেরে অপহরণের অভিযোগ তুলে রূপগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী লাকি আক্তার। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচল-এ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকার অপহৃত ব্যবসায়ী শ্যামল ভূঁইয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। আজ ১৭ জুন (বুধবার) দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে অপহৃতের স্ত্রী লাকি আক্তার এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অপহৃত শ্যামল ভূঁইয়ার বড় ভাই মিলন ভূঁইয়া, জা শাকিলা কামাল সেতু, মেয়ে সিলভিয়া ভূঁইয়া এবং প্রতিবেশী বাদশা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহবধূ লাকি আক্তার অভিযোগ করেন, রূপসী গ্রামের ব্যবসায়ী শ্যামল ভূঁইয়ার সঙ্গে স্থানীয় একটি চক্রের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে গত ৬ জুন রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনের নেতৃত্বে ৭-৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী রামদা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শ্যামল ভূঁইয়া ও তার বড় ভাই মিলন ভূঁইয়ার বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ঘর থেকে আসবাবপত্রসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেওয়া হয় এবং বাধা দিতে গেলে বাড়ির নারীদের শ্লীলতাহানি ও হেনস্তা করা হয়।

লাকি আক্তার আরও জানান, এই বর্বরোচিত হামলার পর চরম নিরাপত্তাহীনতায় ভোগায় তারা সপরিবারে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরদিন ৭ জুন ভোরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে ৫-৬ জনের আরেকটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের অবরুদ্ধ করে। সন্ত্রাসীরা শ্যামল ভূঁইয়া ও তার স্ত্রী লাকি আক্তারকে বেদম প্রহার করে গুরুতর জখম করে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী শ্যামল ভূঁইয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে লাকি আক্তারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। ঘটনার পর ১০ দিন অতিবাহিত হলেও আজ (১৭ জুন) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অপহৃত ব্যবসায়ীর কোনো সন্ধান মেলেনি।

ব্যবসায়ী শ্যামল ভূঁইয়া অপহরণের ঘটনায় তার স্ত্রী লাকি আক্তার বাদী হয়ে রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারটি দ্রুত শ্যামল ভূঁইয়াকে উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “ব্যবসায়ী অপহরণের ঘটনায় একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপহৃতকে উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   10   =