রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | দৈনিক পূর্বাচল
ঢাকা, ১০ জুন ২০২৬
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবছরও পরিবেশের ভারসাম্য সংরক্ষণ ও বৃক্ষসম্পদ বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।
গতকাল ৯ জুন মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স এলাকায় সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রূপগঞ্জ উপজেলা মিলনায়তন সভাকক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন এবং রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহজাদা ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো: নুর আলম ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল।
শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহনাজ পারভীন, উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা ও উন্নয়ন সমিতির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শিক্ষক আল-আমিন ও খোরশেদ আলম প্রমুখ। এ সময় সাংবাদিক শফিকুল আলম ভূঁইয়া, এস এম আবু কাউছার, মীর শফিকুল ইসলাম ও নিজামউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এই সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলা কমপ্লেক্স চত্বরে চারা রোপণ করেন এবং উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে চারা বিতরণ করে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

