দীর্ঘ প্রায় ১০ মাস কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমান। গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে ছাড়া পান বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। মুক্তি পাওয়ার পর নিভৃতে সময় কাটানোর ফলে বিষয়টি এতদিন জনসমক্ষে আসেনি।
সিদ্দিকুর রহমান বলেন, আমার নামে দুটি মামলা রয়েছে। তবে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি প্রায় ১০ মাস কারাগারে ছিলাম। জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।
তিনি আরও বলেন, মুক্তির পর গত কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নিজেকে কিছুটা গুছিয়ে নিয়েছি। এতদিন এক ধরনের পরিবেশে ছিলাম, এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানার এলাকায় একটি হত্যা মামলায় সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার এসআই সামিউল ইসলাম গত বছর ১২ আগস্ট তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচারকর্মী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা করেন।


