স্পোর্টস ডেস্ক:
ফিফা বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও টুর্নামেন্টের সবচেয়ে ছোট দেশ কুরাসাও। হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এই দ্বৈরথ। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ফুটবলের অন্যতম পরাশক্তি জার্মানি এবং বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে যোগ্যতা অর্জন করা ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও। ফিফা র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা জার্মানির সামনে ৮২ নম্বরে থাকা কুরাসাওয়ের এই ম্যাচটিকে ফুটবল বিশ্ব দেখছে ‘হাতির সঙ্গে পিপীলিকার’ লড়াই হিসেবে।
আজ রোববার (১৪ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।
মাত্র ১ লাখ ৫০ হাজার জনসংখ্যা ও ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের কুরাসাও বিশ্বকাপে জায়গা করে নিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। তবে সাম্প্রতিক ফর্মে কিছুটা পিছিয়ে আছে তারা; শেষ ৫ ম্যাচের ৩টিতেই হেরেছে আন্ডারডগরা। অন্যদিকে, কোচ জুলিয়ান নাগেলসম্যানের অধীনে দারুণ ফর্মে আছে জার্মানি। নিজেদের শেষ ৫টি প্রীতি ম্যাচের সবকটিতে জিতে ১৮টি গোল করেছে ‘ডাই ম্যানশাফটরা’। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এবার হারানো মর্যাদা ফিরে পেতে মরিয়া চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নাগেলসম্যান এবার তরুণ তারকা জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজকে কেন্দ্র করে আক্রমণাত্মক দল গড়েছেন। জার্মানির মিডফিল্ডার লেওন গোরেৎসকা বলেন, “আমরা সমর্থকদের হারিয়ে যাওয়া আস্থা ও উচ্ছ্বাস আবার ফিরিয়ে আনতে চাই।”
অন্যদিকে, কুরাসাওয়ের ৭৮ বছর বয়সী ডাচ কোচ ডিক অ্যাডভোকাট বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ। তাকে নিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে দলটি। ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকাডেমির সাবেক খেলোয়াড় তাহিথ চং বলেন, “বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর থেকেই দ্বীপে উৎসব চলছে, আমাদের হারানোর কিছু নেই।”
জার্মানির সম্ভাব্য একাদশ:
ম্যানুয়েল নয়ার, জশুয়া কিমিচ, জোনাথন তাহ, নিকো শ্লোটারবেক, ডেভিড রাউম, লিওন গোরেতজকা, আলেকসান্ডার পাভলোভিক, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ এবং কাই হাভার্টজ।
কুরাসাওয়ের সম্ভাব্য একাদশ:
এলয় রুম, জুরলেন গাড়ি, রিচেলি বাজোয়ার, আরমান্দো ওবিস্পো, শেরেল ফ্লোরানাস, লিয়েন্দ্রো বাকুনা, লিভানো কমেনেন্সিয়া, ডেভেরন ফনভিল, জুনিনহো বাকুনা, জার্গেন লোকাডিয়া এবং তাহিথ চং।
#WorldCup #GermanyVsCuracao #DFBTeam #CuracaoFootball #FootballNews #DainikPurbachal

