পুলিশ সংস্কারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক পূর্বাচল ডেস্ক
ঢাকা, ২৯ মার্চ ২০২৬ খ্রি.:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার ও সক্ষমতা বৃদ্ধিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, পুলিশের সংস্কার ও দক্ষতা বাড়াতে ফ্রান্সের সহযোগিতা কামনা করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে (Jean-Marc Séré-Charlet) সৌজন্য সাক্ষাৎ করতে এলে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসবাদ দমন, মব নিয়ন্ত্রণ, পুলিশের সংস্কার, র‍্যাবের পুনর্গঠন, ফরেনসিক খাতে সহযোগিতা এবং পারস্পরিক আইনগত সহায়তা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি রাতারাতি সম্ভব নয়। আমরা ধাপে ধাপে একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছি।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় মব নিয়ন্ত্রণে দুর্বলতা থাকলেও বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো মব পরিস্থিতি সৃষ্টি হয়নি। সরকার কোনো ধরনের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেবে না বলেও তিনি উল্লেখ করেন।

র‍্যাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি রাষ্ট্রে এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। আইনি পর্যালোচনার মাধ্যমে র‍্যাবকে আরও কার্যকরভাবে পুনর্গঠন করা হবে এবং প্রয়োজন হলে এর নামেও পরিবর্তন আনা হতে পারে।

ফরাসি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তার দেশ আগ্রহী। তিনি জানান, ইতোমধ্যে সিআইডির ফরেনসিক ল্যাবের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্স সহযোগিতা শুরু করেছে।

বৈঠকে ‘অ্যান্টি রায়ট ট্রুপ’-এর সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের কারিগরি সহায়তা চাওয়া হয়। এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (ATU) ও ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (CTTC) ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ফ্রান্স দূতাবাসের প্রতিনিধিদের আইজিপি, বিজিবি, কোস্টগার্ড ও আনসার মহাপরিচালকের সঙ্গে বৈঠকের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান, ফ্রান্স দূতাবাসের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাচে ক্রিস্টেল ফন্টেইন এবং পলিটিক্যাল কাউন্সেলর ক্রিশ্চিয়ান বেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   1   =