ঢাকা-সিলেট মহাসড়কের ময়লার ভাগাড় অবশেষে পরিষ্কার

 রূপগঞ্জ প্রতিনিধি:

অবশেষে দূর হলো দীর্ঘদিনের ভোগান্তি। ঢাকা-সিলেট মহাসড়কের ওপর জমে থাকা ময়লা-আবর্জনার ভাগাড়টি সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। গত ৩ জুন বুধবার দুপুর ১টার দিকে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় এবং গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মিয়ার উদ্যোগে এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

দীর্ঘদিন ধরে মহাসড়কের একটি বড় অংশ দখল করে অবাধে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছিল। ফলে একদিকে যেমন তীব্র পরিবেশ দূষণ ঘটছিল, অন্যদিকে ছড়ানো দুর্গন্ধে পথচারী, যাত্রী এবং আশপাশের বাসিন্দাদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসার পর দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান নাসির মিয়া বলেন,

“মাননীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে কেউ যাতে আর এখানে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি।”

তিনি আরও জানান, ময়লা অপসারণ শেষ করে উক্ত স্থানে ‘ময়লা ফেলা নিষেধ’ সংবলিত সতর্কীকরণ সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে। এরপরও যদি কেউ আইন অমান্য করে এখানে ময়লা ফেলে, তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে মহাসড়কের ওপর থেকে এই ময়লার ভাগাড়টি অবশেষে অপসারণ করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা। তবে এই পরিচ্ছন্নতা যেন বজায় থাকে, সেজন্য নিয়মিত নজরদারি ও একটি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মহল।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   9   =