জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে তিনজনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ এপ্রিল) জীবননগরের নাসিম ফিলিং স্টেশন ও অংগন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দুটি মামলায় দুজনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারায় অপর একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, জীবননগরে সুষ্ঠু ও শৃঙ্খলভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করছে। সরকারি নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি বা অবৈধ মজুতের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


