চাটখিলে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

অনলাইন ডেস্ক •

প্রকাশ: ০৩ জুলাই, ২০২৬

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে তিন সন্তানকে বাবার বাড়িতে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যাওয়ার সময় ঘর থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছেন বলে দাবি পরিবারের।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে, গত ২৭ জুন উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নারী নিশাত আক্তারের স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। স্বামী বিদেশে থাকায় তিনি তার তিন সন্তানকে নিয়ে উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামে বাবার বাড়িতে থাকতেন।

বাবার বাড়িতে থাকাকালীন চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পাঞ্জেগানা মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের সঙ্গে নিশাত আক্তারের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৭ জুন দুপুরে নিশাত আক্তার তার তিন সন্তানকে না জানিয়ে বাবার বাড়ি থেকে ইমাম রিয়াজ হোসেনের সঙ্গে পালিয়ে যান। স্বজনদের দাবি, পালিয়ে যাওয়ার সময় নিশাত ঘর থেকে নগদ ৯ লাখ ১০ হাজার টাকা, ছয়টি স্বর্ণের আংটি, পাঁচটি চেইন, দুটি ব্রেসলেট, ১৪ জোড়া কানের দুলসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছেন।

মেয়ের এমন কাণ্ডের পর ঘর তল্লাশি করে একটি যৌথ হলফনামা (নোটারি পাবলিক) উদ্ধার করে পরিবার। সেখানে দেখা যায়, নিশাত আক্তার ও ইমাম রিয়াজ হোসেন গত ৪ মে সম্পূর্ণ গোপনে নতুন কাবিননামার মাধ্যমে বিয়ে করেছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, প্রবাসীর স্ত্রীর নিখোঁজ ও টাকা-গয়না নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার পর থেকেই ওই নারী ও ইমাম পলাতক রয়েছেন। তাদের অবস্থান শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশি তদন্ত শুরু হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   3   =