অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার অভিনেতা বৈদ্যনাথ সাহা। মঙ্গলবার সন্ধ্যায় এই অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অপু বলেন, “দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ। যশোরের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। অবস্থা খারাপ ছিল, লাইফ সাপোর্টে ছিলেন। সন্ধ্যায় মারা যান। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”

ফেইসবুকে অভিনেতার একটি ছবি শেয়ার করে অপু লিখেছেন, “অভিনয়শিল্পী সংঘের সন্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এইমাত্র পরলোক গমন করেছেন।”

সেই পোস্টে বৈদ্যনাথের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মীরা। নাট্যকার মাসুম রেজা লিখেছেন, “খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি।” এছাড়া অভিনেতা শামীম জামানও আত্মার শান্তি কামনা করেছেন।

পঞ্চাশ বছরের বেশি সময় ধরে অভিনয় করছেন বৈদ্যনাথ। যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ থেকে শুরু হয়েছিল তার অভিনয়ের যাত্রা।

বৈদ্যনাথ অভিনীত মঞ্চ নাটকের মধ্যে রয়েছে ‘ফিফটি ফিফটি’, ‘জবাহদিহি’, ‘পরবাস’, ‘সাজানো বাগান’, ওরা আছে বলে, ‘কেনারাম বেচারাম’, ‘এবার ধরা দাও’, ‘বিষের বাঁশি’, ‘অন্ধকারের নিচে সূর্য’।

টেলিভিশনে তিনি করেছেন ‘নদী থেকে সমুদ্র’, ‘শ্রাবণের বসন্ত’, ‘এ মধুর খেলা’, ‘লাল নীল বেগুনি’সহ আরও কিছু নাটক।

নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘কোটি টাকার কাবিন’, ‘নীতিবান অফিসার’, ‘বাপজানের বায়োস্কোপ’, ‘মিশন এক্সট্রিম’, ‘অপারেশন সুন্দরবন’, ‘আদম’, ‘দামাল’, ‘মুখোশ’, ‘সুলতান’সহ বেশ কিছু সিনেমা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   6   =