জীবননগর পৌরসভার সর্বোচ্চ ৫০ কোটি টাকা বাজেট ঘোষণা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৯ কোটি ৩০ হাজার ৩৪২ টাকার এক বিশাল বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট পেশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। পরে বাজেটের বিস্তারিত বিবরণ তুলে ধরেন পৌরসভার হিসাবরক্ষক মো. আবুল কালাম আজাদ।

ঘোষিত বাজেটে ২০২৬-২৭ অর্থবছরের জন্য রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৩৫২ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮০ हजार টাকা। এছাড়াও প্রারম্ভিক জের ৪ লাখ ১৬ হাজার ৬৫২ টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে ৯ লাখ ২২ হাজার ২৯০ টাকা। উল্লেখ্য, বিগত ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয় ও ব্যয় ছিল ৩ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৩৫২ টাকা এবং তার আগের অর্থবছরে এই খাতে আয়-ব্যয় ছিল ২ কোটি ৩৫ লাখ ৮৪ Sac হাজার ৪৯ টাকা।

এবারের বাজেটে উন্নয়ন খাতে বিশেষ জোর দেওয়া হয়েছে। ২৬-২৭ অর্থবছরে উন্নয়ন প্রাপ্তি ও ব্যয় সমপরিমাণ অর্থাৎ ৪৫ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন খাতের সিংহভাগ অর্থ আসবে আরইউডিটিপি (RUDTP) প্রকল্প থেকে (১৮ কোটি টাকা) এবং কোভিড-১৯ প্রকল্প থেকে (১৩ কোটি টাকা)। গত ২০২৫-২৬ অর্থবছরে এই দুই খাত থেকে উন্নয়ন প্রাপ্তি ছিল ২৫ কোটি টাকা এবং তার আগের বছর ছিল মাত্র ৬৬ লাখ ৪৯ হাজার ৪৪৭ টাকা।

রাজস্ব আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে স্থাবর সম্পত্তি হস্তান্তর থেকে সর্বোচ্চ ১ কোটি ৮ লাখ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া হাট-বাজার ইজারা থেকে ৪৮ লাখ টাকা, গৃহ ও ভূমির কর থেকে ৪১ লাখ টাকা এবং পেশা, ব্যবসা ও কলিং থেকে ৩২ লাখ টাকা আয় প্রাক্কলন করা হয়েছে। অন্যদিকে, রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ ১৮ হাজার ৩৫২ টাকা বরাদ্দ রাখা হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায়। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে ঝাড়ুদার ও সুইপারদের চুক্তিভিত্তিক ভাতায়।

পরিসংখ্যান অনুযায়ী, জীবননগর পৌরসভার বাজেটের আকার প্রতি বছরই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে যেখানে পৌরসভার বাজেট ছিল মাত্র ৪ কোটি ৬ লাখ ৫৬ হাজার ৮১৭ টাকা, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৩১ কোটি টাকায়। আর এবার তা ৪৯ কোটি টাকা ছাড়িয়ে গেল।

জীবননগর পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কাশেমের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, পৌর জামায়াতের আমির ফিরোজ হোসেন এবং জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   1   =