প্রতারক বাশারের সঙ্গে নাম জড়ানোয় তীব্র ক্ষোভ চিত্রনায়িকা ববির, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

ঢাকা, ২১ জুন ২০২৬

 গুলশানের গোপন সুড়ঙ্গ থেকে প্রতারক মির্জা আবুল বাশার মামুন গ্রেপ্তারের পর তাঁর সঙ্গে নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা ববি।

রাজধানীর গুলশানের একটি বাসার গোপন সুড়ঙ্গ থেকে বহুরূপী প্রতারক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ঘটনার পর ব্যবসায়ী বাশারের সঙ্গে নিজের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বিষয়টিকে সম্পূর্ণ ‘বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ববি হক। শনিবার (২০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে ববি তাঁর অবস্থান পরিষ্কার করে লেখেন, “ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করেছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে ‘কোথাও কথিত স্ত্রী, কোথাও স্ত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।” উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ক্যারিয়ার ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করার এই চক্রান্তের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে ববি আরও যোগ করেন, “আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভূয়া খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামে পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনাবো।” উল্লেখ্য, গুলশানের বিলাসবহুল ফ্ল্যাটের গোপন সুড়ঙ্গ থেকে প্রতারক মির্জা আবুল বাশার মামুন গ্রেপ্তারের পর থেকেই বিনোদন পাড়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ববিকে জড়িয়ে নানা গুঞ্জন ছড়াতে শুরু করায় ববি এই কড়া বার্তা ও আইনি পদক্ষেপের ঘোষণা দেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 7   +   3   =