মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে ভিক্ষা দেওয়ার কথা বলে ৬৩ বছরের এক বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে অপরাধ স্বীকার করায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
মানিকগঞ্জের শিবালয়ে ষাটোর্ধ এক নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৩ জুন) পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে, তারা ধর্ষণের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। এরপর বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ৩০ মে দুপুরে শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো— উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে আশরাফুল (২৬) এবং দক্ষিণ তেওতা গ্রামের আতাব আলীর ছেলে রবিন ওরফে সোহেল রানা (২৭)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে দুপুরে ৬৩ বছর বয়সী ওই নারী ভিক্ষুক ষাইটঘর তেওতা বাজারে ভিক্ষা করতে আসেন। এ সময় অভিযুক্ত আশরাফুল ও রবিন ভিক্ষা দেওয়ার কথা বলে কৌশলে তাকে একটি অটোরিকশায় তোলে। পরে তারা তৈয়ব মোল্লার বাঁশঝাড়ে নিয়ে ওই বৃদ্ধাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ভিকটিমের গলায় থাকা একটি রুপার মালাও ছিনিয়ে নেয় তারা।
পরবর্তীতে ভিকটিম বিষয়টি তার আত্মীয়-স্বজনকে জানালে, ঘটনার ৫ দিন পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই দুই অভিযুক্তকে আটক করা হয়। পরে শিবালয় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মিনহাজ উদ্দিন বলেন, “অভিযুক্তদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছিল। তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দি গ্রহণ শেষে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

