বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের ওপর পূর্বনির্ধারিত সামরিক হামলা স্থগিত করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে যাওয়ায় আজ শুক্রবার সকাল থেকেই তেলের দাম নিচের দিকে নামতে শুরু করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাজারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১.২১ ডলার বা ১.৩ ভাগ কমে ৮৯.১৭ ডলারে নেমে এসেছে, যা প্রায় এক মাস পর ৯০ ডলারের নিচে নামল। অন্যদিকে, আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ১.২৩ ডলার বা ১.৪ ভাগ কমে ৮৬.৪৮ ডলারে দাঁড়িয়েছে। সাপ্তাহিক হিসেবেও তেলের বাজারে বড় পতন হয়েছে। এই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪.২ ভাগ এবং ডব্লিউটিআই-এর দাম ৪.৪ ভাগ কমেছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালেই ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, আমেরিকার সামরিক বাহিনী ইরানের তেল অবকাঠামো ও খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেবে। এই হুমকির জেরে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের দাম অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশাল জানান যে, ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা সফল হওয়ায় তিনি রাতের পরিকল্পিত বিমান ও বোমা হামলা বাতিল করেছেন। ট্রাম্পের এই ঘোষণার পর পরই বিনিয়োগকারীদের উদ্বেগ দূর হয় এবং বাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   9   =