‘ইত্যাদি’ এবার প্রাচীন জনপদ নরসিংদীতে

প্রত্নসম্পদে পরিপূর্ণ প্রাচীন জনপদ নরসিংদী জেলায় বর্ণাঢ্য আয়োজনে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং হলো। রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে সাজানো নান্দনিক মঞ্চে হাজির হন উপস্থাপক হানিফ সংকেত। অনুষ্ঠানটি রচনা, ও পরিচালনা ও সঞ্চালনা করেছেন যথারীতি তিনিই।

‘ইত্যাদি’র শুটিংকে কেন্দ্র করে গোটা নরসিংদী জুড়ে দেখা গেছে সাজসাজ রব। প্রতিবারের মতোই দর্শকদের জন্য ছিল বিশেষ আমন্ত্রণপত্র। এগুলো জেলা প্রশাসনের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হয়। শুটিং শুরুর আগে নির্ধারিত সময়ের মধ্যে দর্শক উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে এসেছিলেন অনেকে। অনুষ্ঠানস্থলের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি দর্শক সমাগম হয়েছিল। স্থানীয়রা জানান, নরসিংদীতে এর আগে কোনো অনুষ্ঠানে এমন জনসমুদ্র দেখা যায়নি। শত শত মানুষ আশেপাশের বিভিন্ন বহুতল ভবনের ছাদ, রাস্তা, দেয়াল ও গাছের ডালে চড়ে বসেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ভ্যাপসা গরম উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে ‘ইত্যাদি’র শুটিং উপভোগ করেন তারা। কিছুক্ষণ পরপরই হাজার হাজার দর্শকের উচ্ছ্বাসপূর্ণ করতালি আর স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।

এবারের ‘ইত্যাদি’র শুরুতেই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকথা নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে রয়েছে স্থানীয় নৃত্যশিল্পীদের নাচ। নৃত্য পরিচালনায় এস কে জাহিদ। গানটি গেয়েছেন রাজিব ও তানজিনা রুমা। এর কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত। সংগীতায়োজনে মেহেদী।

‘ইত্যাদি’তে ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনির সংগীতশিল্পীরা (ছবি: ফাগুন অডিও ভিশন)

অনুষ্ঠানে একটি নতুন গান গেয়েছেন নরসিংদীর কৃতি সন্তান ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’। ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই। এটি যৌথভাবে লিখেছেন জুয়েল আহমেদ ও কবির বকুল।

নরসিংদীকে কেন্দ্র করে কুইজের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চার জনকে নির্বাচন করা হয়। নরসিংদীর বিখ্যাত ঐতিহ্যবাহী পণ্য নিয়ে তৈরি একটি মজার নাট্যাংশে অংশ নিয়েছেন নির্বাচিত দর্শকরা।

‘ইত্যাদি’তে (বাঁ থেকে) হানিফ সংকেত, রানা সরকার, মোহাম্মদ মামুন এবং নির্বাচিত চার জন দর্শক (ছবি: ফাগুন অডিও ভিশন)

বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর এবং নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনার ওপর একটি প্রতিবেদন রয়েছে এবারের পর্বে। নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প এবং ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ খ্যাত বাবুরহাটকে নিয়ে থাকছে বিশেষ আয়োজন। নরসিংদীর জিআই পণ্য অমৃতসাগর কলা ও লটকন আর কলম্বো লেবু নিয়ে দেখানো হবে প্রতিবেদন। নরসিংদী জেলার কয়েকজন কীর্তিমান ও স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্বের ওপর তথ্যসমৃদ্ধ আলোকপাত করা হবে ‘ইত্যাদি’তে।

অনুষ্ঠানটির জন্য খুলনা জেলার বটিয়াঘাটার দৃষ্টিহীন ষাটোর্ধ্ব বৃদ্ধ চিত্তরঞ্জন মহালদারকে নিয়ে একটি মানবিক প্রতিবেদন তৈরি হয়েছে, অদম্য ইচ্ছাশক্তি দিয়ে যিনি জয় করেছেন নিজের দৃষ্টিহীনতাকে।

বিদেশি প্রতিবেদনে রয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নের ফিলিপ আইল্যান্ডের বিখ্যাত ‘দ্য পেঙ্গুইন প্যারেড’।

‘ইত্যাদি’তে শওকত আলী তালুকদার নিপু ও সুভাশিষ ভৌমিক (ছবি: ফাগুন অডিও ভিশন)

কল্পিত কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির জমজমাট আড্ডা দর্শকদের আনন্দ দেবে বলে নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের আশা।

‘ইত্যাদি’র নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও থাকছে সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক প্রসঙ্গ নির্ভর তীর্যক নাট্যাংশ। এগুলোর বিষয়বস্তু হলো– ভাঙতি সংকট, ফাঁকা আওয়াজ, ভ্যান অ্যাম্বাসেডর, বড় ভাই-ছোট ভাই তর্ক এবং সম্পর্ক, দুর্নীতি ভীতি ও চাকরি প্রীতি, প্রাকৃতিক সৌন্দর্য, পথভ্রষ্ট মানুষ, জনতার ব্যবহার, চাঁদের কলঙ্ক নিয়ে কৃষকদের চিন্তা।

অনুষ্ঠানের অভিনয়শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য– মাহমুদুল ইসলাম মিঠু, সুমন পাটোয়ারী, কামাল বায়েজিদ, আবু হেনা রনি, সাইদুর রহমান পাভেল, এমএনইউ রাজু, আনোয়ারুল আলম সজল, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আব্দুল আজিজ, আমিন আজাদ, আনোয়ার শাহী, শাহেদ আলী, জামিল হোসেন, আনন্দ খালেদ, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুর্বণা মজুমদার, সাদিয়া তানজিন, সূচনা শিকদার, রকি খান, জাহিদ শিকদার, বিলু বড়ুয়া, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলাম, শাওন মজুমদার, সাবরিনা নিসা, হানিফ পালোয়ান, মীর নাসিমুল ইসলাম সেলিম, বেলাল আহমেদ মুরাদ, ইকবাল হোসেন, মিরাজ, নিপু।

বরাবরের মতো ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন। আগামী ৫ জুন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে অনুষ্ঠানটি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   9   =