এই মুহূর্তে বিশ্বজুড়ে হরর বা ভৌতিক সিনেমার ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছে হলিউডের নতুন সিনেমা ‘অবসেশন’। ২০২৬ সালের এখন পর্যন্ত সবচেয়ে ভয়ংকর এবং সর্বোচ্চ রেটিং পাওয়া সিনেমা এটি। গত ২৯ মে ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে রীতিমতো ঝড় উঠেছে। তবে সিনেমাটিতে অতিরিক্ত মারামারি আর এডাল্ট দৃশ্য থাকায় ভারতীয় সেন্সর বোর্ড এটিকে ‘A’ বা কেবল প্রাপ্তবয়স্কদের দেখার সার্টিফিকেট দিয়েছে। কিন্তু আইন তো খাতায়-কলমে, বাস্তবে হলের চিত্র একদম উল্টো! বলিউড পরিচালক সঞ্জয় গুপ্তের এক বিস্ফোরক দাবিতে তোলপাড় চলছে বলিপাড়ায়।
পরিচালক সঞ্জয় গুপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, গত সন্ধ্যায় তিনি নিজে হলে একটি নতুন মালয়ালম সিনেমা দেখতে গিয়েছিলেন, যেখানে পুরো থিয়েটারে তিনি ছাড়া আর কোনো দর্শকই ছিল না। কিন্তু ঠিক পাশের স্ক্রিনেই যখন হলিউডের এই অ্যাডাল্ট সিনেমা ‘অবসেশন’ চলছিল, তখন সেই থিয়েটার ছিল হাউসফুল! আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, হলভর্তি দর্শকদের বেশিরভাগই ছিল স্কুল-কলেজের অপ্রাপ্তবয়স্ক বা নাবালক ছেলেমেয়ে।

