পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়া ও নদীতে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

 

বুধবার (২৭ মে) সকাল ৭টা থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঈদকে সামনে রেখে বাড়িমুখো মানুষ, পশুবাহী ট্রাকচালক ও খামারিরা পড়েছেন চরম ভোগান্তিতে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ফেরি চলাচল বন্ধ হওয়ার আগে এ দুই নৌরুটে মোট ১৫টি ফেরি চলাচল করছিল। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি আটকা পড়ে আছে। নদীতে প্রচণ্ড স্রোত ও ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সাময়িকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘাটে অপেক্ষমাণ যাত্রীরা জানান, ঈদ উপলক্ষে ভোর থেকেই তারা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে পশুবাহী ট্রাক দীর্ঘ সময় আটকে থাকায় খামারিদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কালবৈশাখী ঝড়, প্রতিকূল আবহাওয়া এবং নদীতে অতিরিক্ত স্রোতের কারণে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এদিকে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। দ্রুত নৌযান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   5   =