কায়ার সঙ্গে হাবিবের পুনর্মিলন

লোকগানের ফিউশনের মধ্য দিয়ে অডিও জগতে নতুন স্বাদ দিয়েছিল ‘কৃষ্ণ’ ও ‘মায়া’ অ্যালবাম দুটি। এগুলোয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও কায়ার যুগলবন্দি শ্রোতাদের মন জয় করে। সেই অভাবনীয় সাফল্যের দুই দশক পর আবারও একসঙ্গে কাজ করলেন তারা। এবার একটি পুরনো লোকগানকে কেন্দ্র করে হাত মিলিয়েছেন এ দুই সংগীতশিল্পী। এর শিরোনাম ‘কই রইলা রে’। এতে নতুন প্রজন্মের সংগীতশিল্পী মুজা-ও কণ্ঠ দিয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে এটি প্রকাশ হবে হাবিবের নিজের ইউটিউব চ্যানেলে।

জানা গেছে, ‘কই রইলা রে’ গানের মূল রেকর্ডিং হয়েছিল ২০০৯ সালে। কায়াকে নিয়ে কাজটি শুরু করেছিলেন হাবিব। তখন মুজার বয়স ছিল মাত্র ১০ বছর। হাবিব আগামীর সময়কে বলেছেন, ‘তখন ভাবিনি ভবিষ্যতে কখনো এটি নতুনভাবে প্রকাশের সুযোগ আসবে। এত বছর ধরে গানটি বিভিন্ন হার্ড ড্রাইভে সংরক্ষিত ছিল।’

হাবিব জানালেন, ‘কই রইলা রে’ গানের মূল গীতিকার ও সুরকার সৈয়দ দুলাল। বর্তমানে তিনি ইংল্যান্ডে থাকেন। কায়ার মাধ্যমে গানটির সঙ্গে পরিচয় হয় হাবিবের। তিনি আগামীর সময়কে বলেছেন, ‘কায়া ভাই আমাকে গানটা শুনিয়েছিলেন। শুনেই ভালো লাগে। পরে জানতে চাই, এটি কার গান। তখন জানতে পারি, সৈয়দ দুলাল এখনো জীবিত আছেন এবং ইংল্যান্ডে থাকেন। তার অনেক গান প্রকাশিত হয়েছে।’

হাবিব জানান, মূল লোকগানের সঙ্গে নতুন কিছু লিরিক যোগ করা হয়েছে। এতে অংশ নিয়েছেন গীতিকার বাঁধন ও সংগীতশিল্পী মুজা। হাবিবের ভাষায়, ‘এটি এক ধরনের সম্মিলন। মূল ফোক গানের আবহ রেখে কিছু নতুন লিরিক যোগ করা হয়েছে, যা গানটিকে আলাদা মাত্রা এনে দিয়েছে।’

বর্তমানে অনেক ফোক গানে এমন ফিউশন তথা সংযোজন দেখা যায়। হাবিব মনে করেন, ‘পুরোপুরি খাঁটি ফোক না করে, কিছু মৌলিক অংশ যুক্ত হলে গানের অনুভূতি আরও সমৃদ্ধ হয়।’

লোকগানের সঙ্গে আধুনিক সংগীতের মিশ্রণে বরাবরই সফল হয়েছেন হাবিব ওয়াহিদ। ২০০৩ সালে প্রকাশিত ‘কৃষ্ণ’ এবং পরবর্তী সময়ে ‘মায়া’ অ্যালবামের গানগুলো এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। ‘আমি কূলহারা কলঙ্কিনী’, ‘কেমনে ভুলিব আমি’ কিংবা ‘কালা’র মতো গান বাংলা ফোক-ফিউশন ধারায় নতুন মাত্রা যোগ করেছিল

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 1   +   8   =