মানুষের চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণে শক্তিশালী মাধ্যম চলচ্চিত্র : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের জন্য অত্যন্ত শক্তিশালী মাধ্যম। একটি সৃষ্টিশীল কাজ, হোক তা চলচ্চিত্র বা বই, মানুষের চিন্তায় গভীর পরিবর্তন ঘটাতে সক্ষম।

সোমবার দুপুর ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে দুই দিনব্যাপী চলমান ‘সত্যজিৎ রায় উৎসব-২০২৬’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনে সোসাইটির সহযোগিতায় ইতিহাস ঐতিহ্য পরিষদ ও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের যৌথ উদ্যোগে কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, কমিউনিকেশন ও সৃষ্টিশীলতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমাজে মানুষের মনোজগৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কাজের মাধ্যমেই মানুষের চিন্তার কাঠামো তৈরি হয় এবং সমাজে নতুন দৃষ্টিভঙ্গির জন্ম হয়। তবে সৃষ্টিশীল নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আটকে থাকলে হবে না। উপমহাদেশের ইতিহাস, বিশেষ করে ১৯৪৭ এর ভারত ভাগ আমাদের সাহিত্য, সংস্কৃতি ও সামগ্রিক চিন্তাজগতে গভীর প্রভাব ফেলেছে। এই ঐতিহাসিক প্রভাব যেন চিন্তার স্বাধীনতাকে সীমাবদ্ধ না করে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। আমাদের ক্রিটিকাল চিন্তা করতে হবে।

এ সময়, মন্ত্রী ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। পাশাপাশি তরুণদের সঙ্গে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক বিধান রিবেরু সত্যজিৎ রায়কে বর্তমান সময়ে অনেক বেশি প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার শ্রী পাওয়ান বঢ়ে, জাবির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, চলচ্চিত্র গবেষক অধ্যাপক মঈনুদ্দিন খালেদ, চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল, অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ বক্তব্য দেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   4   =