প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, যার রয়েছে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট। কিন্তু তার পরিচয় শুধু এই ক্ষমতাতেই সীমাবদ্ধ নয়; বরং মূল শক্তি দায়বদ্ধতা, জনসম্পৃক্ততা ও মানবিকতায়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকেও তার চলাফেরা, কথাবার্তা ও বেশভূষায় যে চমৎকার সারল্য, স্বাভাবিকতা ও সংযম প্রকাশ পায়, তা ইতিহাসে বিরল। ভিন্নতা ও প্রাচুর্যকে দূরে রেখে এমন সহজ ও মাটির কাছাকাছি থাকা, এই গুণ তাকে অনন্য করে তুলেছে।
শনিবার (২ মে) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন।
মাহদী আমিন স্ট্যাটাসে লেখেন, ‘কিছুদিন আগেও আমাদের মনে হতো, দেশের প্রধানমন্ত্রী মানেই খুব দূরের কেউ। যেন অপ্রাপ্য, ভিন্ন এক জগতের মানুষ, যার প্রতিটি কাজে ভিভিআইপি প্রটোকল আর আরোপিত বিভেদের দেয়াল। কিন্তু সেই চিরাচরিত ধারা ভেঙে দিয়ে জনগণের প্রধানমন্ত্রী আজ সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন, আমাদের অন্তরের খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছেন, আলিঙ্গন করেছেন কোটি মানুষের সমস্যা ও বাস্তবতা।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা লেখেন, ‘রাষ্ট্রীয় দায়িত্বের বাইরে তার পারিবারিক জীবনও এক সাধারণ পরিবারের মতোই গড়ে উঠেছে, যেখানে স্ত্রী এবং কন্যা সবচেয়ে বড় মানসিক ভরসা ও শক্তি। পরিবারই তার জীবনের স্থিতি ও অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যা তাকে জনজীবনের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত রাখে। তাইতো জনসভায় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাঝেও মায়ের ছবির দিকে তাকিয়ে থাকেন অপলক।’
তিনি লেখেন, ‘রাষ্ট্রনায়কের পরিচয় ছাপিয়ে আজ যেন তিনি আমাদের পরিবারেরই একজন। কখনো বাবার মতো নির্ভরতার প্রতীক, কখনো ভাইয়ের মতো আপনজন, কখনো স্বামীর মতো দায়িত্বশীল, আবার কখনো প্রতিবেশীর মতো সহজ ও আন্তরিক। এই আত্মিক সংযোগই তাকে গণমানুষের নেতা করে তুলেছে, পরিণত করেছে তৃণমূলের আস্থা ও বিশ্বাসের আশ্রয়স্থলে।’
মাহদী আমিন লেখেন, ‘বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে, তারেক রহমানের (বর্তমান প্রধানমন্ত্রী) বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হয়েছে; এখনও চলমান রয়েছে। তবু সময়ের প্রতিটি পরীক্ষায়, জীবনের প্রতিটি সংগ্রামে, তিনি নিজের অবস্থান আরও দৃঢ় ও স্পষ্টভাবে প্রতিষ্ঠিত করেছেন। জনগণের আস্থা ও ভালোবাসা তার নেতৃত্বকে বারবার প্রেরণা জুগিয়েছে, আলোকিত করেছে বিএনপির পথচলাকে। নির্বাচনি জয়যাত্রা পেরিয়ে আজও প্রধানমন্ত্রীকে ঘিরেই আবর্তিত গণতন্ত্র ও আগামীর প্রত্যাশা, সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার প্রত্যয়।’
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

