নিজস্ব প্রতিবেদক:
প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তাঁর স্বামীর বিরুদ্ধে নথিপত্র সংগ্রহে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৭ এপ্রিল) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। অভিযোগের তদন্তে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়ে প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুনা তাসনিম।
অন্যদিকে, তাঁর স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরী, যিনি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড-এর চেয়ারম্যান, তাঁর সঙ্গে মিলে ১২টি বাণিজ্যিক ও নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
এ অভিযোগে গত বছরের জুন মাসে অনুসন্ধান শুরু করে দুদক। তবে তলব করা হলেও এখনো তারা দুদকের সামনে হাজির হননি বলে জানা গেছে।
দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


