জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কতৃক অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। ২৬ এপ্রিল রোববার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার উথলী বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ মামুনুল হাসান।ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উথলী বাজার এলাকায় বেকারী, হোটেল, ঔষধ, সার ও বীজ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
তদারকির সময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী সামগ্রী তৈরি ও সংরক্ষণ করায় মো. আব্দুল কাদের এর প্রতিষ্ঠান যমুনা ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা এবং অবৈধভাবে সার বিক্রয়,ভাউচার সংরক্ষণ না করায় ৪৫ ধারায় জাহাঙ্গীর আলম এর প্রতিষ্ঠান মেসার্স রানা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানে মোট ২৫ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযানের সময় অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যায়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি,মো.রফিকুল ইসলাম, ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম।


