অবশেষে বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

নানান জল্পনা কল্পনার পর অবশেষে ছুটির সিদ্ধান্ত পেলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খান। তাকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

রবিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তাকে এই ছুটিতে পাঠানো হয়েছে।

জানা যায়, ব্যাংকিং খাতে প্রচলিত নিয়ম অনুযায়ী কোনও ব্যাংকের এমডিকে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ সাধারণত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়ে থাকে। তবে এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি গত বছরের আগস্ট মাসে ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার সিদ্দিকী এনপিবি নিউজকে বলেন, ‘আমি সাংবাদিকদের কাছ থেকেই জানলাম। ব্যাংক থেকে এখনো কোনো তথ্য আমি পাইনি। বিআরপিডি বা আইবিআরপিডি থেকেও কোনো কিছু জানানো হয়নি।’

মো. ওমর ফারুক খান ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ে অর্থ ব্যবস্থাপনা (ট্রেজারি), বৈদেশিক বাণিজ্য এবং করপোরেট বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রায় চার দশকের অভিজ্ঞ এই ব্যাংকার ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   2   =